কুয়াকাটায় ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ বিক্রি ৫ হাজার ৬২৫ টাকায়

Views: 51

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিশাল ইলিশ। মাছটি বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে গঙ্গামতি এলাকায় জেলে সুনু মাঝির জালে উঠে আসে।

সকালেই সমুদ্র থেকে মাছটি এনে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে গেলে রাসেল ফিসের মাধ্যমে নিলাম হয়। সেখানে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাছটি ৫ হাজার ৬২৫ টাকায় কিনে নেন। হিসাব অনুযায়ী, মণপ্রতি দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। মাছটি তিনি লাভের আশায় বিক্রির জন্য রেখেছেন।

নাসির উদ্দিন জানান, এত বড় সাইজের ইলিশ এখন খুব কম ধরা পড়ে। আজকের এই মাছটি তিনি কিনেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে, সামান্য লাভ হলেই তা বিক্রি করবেন।

জেলে সুনু মাঝি বলেন, ট্রলারে সেদিন মাত্র একটি মাছই ধরা পড়েছে। যদিও পরিমাণে কম, কিন্তু সাইজ বড় হওয়ায় ভালো দামে বিক্রি করতে পেরেছেন। তিনি মনে করেন, আল্লাহ যা দিয়েছেন, তাতেই তিনি সন্তুষ্ট।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য ইতিবাচক খবর। বর্তমানে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকা থেকে বড় ইলিশের পরিমাণ বাড়ছে। আশা করা হচ্ছে, আগামী দিনে ইলিশের সরবরাহ আরও বাড়বে এবং দাম কিছুটা কমে আসবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: August 14, 2025 | Author: Chandradip News24