সরকারি সিদ্ধান্তের আগেই বরিশাল–ঢাকা নৌপথে লঞ্চ ভাড়া বাড়াল মালিকরা

Views: 3

ঢাকা–বরিশাল নৌপথে লঞ্চ ভাড়া সরকারি সিদ্ধান্তের আগেই এক দফা বাড়িয়ে দিয়েছে লঞ্চ মালিকরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ডেক ও কেবিন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত সোমবার থেকে বরিশাল–ঢাকা রুটে চলাচলকারী লঞ্চগুলোতে ডেক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা এবং কেবিন যাত্রীদের কাছ থেকে ২০০ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

লঞ্চ মালিকদের দাবি, আগে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে তারা কম ভাড়া নিতেন যাত্রীদের সুবিধার্থে। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ায় তারা সরকার নির্ধারিত ভাড়ার সঙ্গে সমন্বয় করে নতুন ভাড়া নিচ্ছেন।

তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) চিঠি দিয়েছে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই লঞ্চে বর্ধিত ভাড়া কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে ডেক যাত্রীদের ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। সিঙ্গেল কেবিন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা, ডাবল কেবিন ২ হাজার টাকা থেকে ২ হাজার ৪০০ টাকা এবং বিভিন্ন ভিআইপি ও ফ্যামিলি কেবিনে ৬০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, সরকারি সিদ্ধান্ত ছাড়াই এমন ভাড়া বৃদ্ধি অযৌক্তিক এবং এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

বরিশাল থেকে ঢাকাগামী এক ডেক যাত্রী আবদুল কাদের ফকির বলেন, “আমরা কষ্ট করে টাকা রোজগার করি। ৫০ টাকা ভাড়া বাড়ানো মানে আমাদের এক বেলার খাবারের খরচ। কিন্তু আমাদের কথা কেউ ভাবে না।”

এক কেবিন যাত্রী বলেন, “তেলের দাম বাড়লে ভাড়া বাড়ে, কিন্তু কমলে আর কমে না। এটা এখন নিয়মে পরিণত হয়েছে।”

লঞ্চ মালিক সমিতির সাবেক সহসভাপতি রেজিন উল কবির জানান, আগে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হতো। বর্তমানে তেলের দাম বাড়ায় সরকার নির্ধারিত ভাড়ার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

এদিকে লঞ্চ মালিকরা জানিয়েছেন, তারা ৪২ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন এবং সরকারের সঙ্গে বৈঠকের পর আরও ভাড়া বাড়তে পারে।

যাত্রী অধিকার সংগঠনের নেতারা বলছেন, জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে, সেই অনুপাতে ভাড়া বৃদ্ধি যুক্তিসঙ্গত নয় এবং এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়ছে।

সরকার সম্প্রতি ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম প্রতি লিটারে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মূল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: April 23, 2026 | Author: Chandradip News24