সাবেক ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ক্ষোভে স্থানীয় সুশীল সমাজ

Views: 6

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁর সততা ও কর্মদক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে রুমানা আফরোজ সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেন। তিনি নিয়মিত প্রকল্প পরিদর্শন করে কাজের মান নিশ্চিত হওয়ার পরই বিল অনুমোদন দিতেন। এতে অনিয়মের মাধ্যমে সুবিধা নিতে না পেরে একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিশেষ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে ২ শতাংশ কমিশন নেওয়ার যে অভিযোগ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয়রা। তাদের মতে, এসব অভিযোগের কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

দায়িত্ব পালনকালে রুমানা আফরোজ সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর দপ্তরে সাধারণ মানুষ সহজেই প্রবেশ করে সমস্যা জানাতে পারতেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি নিয়মিত তদারকি করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা আরও জানান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়।

অভিযোগ উঠেছে, কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা না পেয়ে এই অপপ্রচারে জড়িত হয়েছে। এমনকি সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচারের ভয় দেখিয়ে অর্থ দাবির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাবেক ইউএনও রুমানা আফরোজ বলেন, দায়িত্ব পালনকালে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন প্রমাণ কেউ দিতে পারলে তিনি যে কোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত। তিনি আরও দাবি করেন, দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে কোনো মাসিক সভা বা জনসমক্ষে কোনো অনিয়মের অভিযোগ ওঠেনি।

স্থানীয় সচেতন মহল মনে করেন, যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা দুঃখজনক। তাদের মতে, একজন সৎ কর্মকর্তাকে সামাজিকভাবে হেয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই বিষয়টির সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: April 23, 2026 | Author: Chandradip News24