বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকাল আনুমানিক ৮টার দিকে “জনসেবা ডায়াগনস্টিক সেন্টার”-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সেন্টারের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে সেন্টারের মালিকসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা গেছে, ডায়াগনস্টিক সেন্টারটি মোঃ বজলুর রহমান, মোঃ হোসেন ও জাকির হোসেনের যৌথ মালিকানাধীন। আগুনে ভেতরে থাকা বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
ঘটনার পর উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।





