১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণকারী সব প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার (২২ জুন) সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং বারবার সরে যেতে অনুরোধ করে।
তবে আন্দোলনকারীরা পেছনে না সরে স্লোগান চালিয়ে যেতে থাকলে, সকাল ১১টা ২৩ মিনিটে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তবে এখনো কোনো আহত বা আটক হওয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আন্দোলনকারীরা দাবি করছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভায় অংশ নেওয়া সকল প্রার্থীকে পাস দেখিয়ে তাদের দ্রুত সনদ প্রদান করতে হবে। এই দাবিকে কেন্দ্র করেই তারা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছিলেন।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।





