পটুয়াখালীর কলাপাড়ায় এক মর্মান্তিক ঘটনায় নাসিমা আক্তার (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ জুন) রাতে কলাপাড়া উপজেলার পশ্চিম মধুখালী গ্রামে। নাসিমা চলতি বছর মধুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নাসিমার বাবা মোজাম্মেল হক ব্যক্তিগত কাজে বরিশালে যান। বাড়িতে ছিলেন মা নাজমা বেগম, ছোট ভাই ইয়াসিন ও নাসিমা। দুপুরের খাবার শেষে পারিবারিক বিষয় নিয়ে মা মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলের দিকে নাজমা বেগম ছোট ছেলেকে নিয়ে পাশের বাড়িতে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে ঘরের দরজা বন্ধ পান। সন্দেহ হলে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তিনি মেয়েকে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মা ও ভাইয়ের কান্না ও চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। দরজা ভেঙে উদ্ধার করা হয় নাসিমার নিথর দেহ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলাপাড়া থানা-পুলিশ। তারা মরদেহের সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর অনেকেই ধারণা করছেন, পারিবারিক অভিমানের জেরে নাসিমা আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
নাসিমার সহপাঠীরা জানায়, সে ছিল অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের। তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজন এখনো সেই দুঃসহ মুহূর্ত থেকে স্বাভাবিক হতে পারেননি।





