পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে একটি শক্তিশালী ও কার্যকর কনক্রিট অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হবে। তিনি বলেন, “সুন্দরবন আমাদের একটাই, সবাই মিলে সুন্দরবনকে বাঁচাতে হবে।”
মঙ্গলবার (১৭ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (SEA) বিষয়ক গুরুত্বপূর্ণ সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, সুন্দরবনের ঝুঁকি চিহ্নিত হলে বন ও পরিবেশ অধিদফতর দ্রুত বিষয়টি সরকারে জানাবে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সুন্দরবন সংরক্ষণে কার্যকর সমন্বয় কাঠামো গড়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট কারখানাগুলোর পরিবেশগত প্রভাব মনিটরিংয়ের দায়িত্ব পরিবেশ অধিদফতরকে প্রদান করা হয়েছে। জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান তৈরি করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি এবং সুন্দরবন সংরক্ষণে বটম-আপ পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. কামরুজ্জামানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





