বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর প্রস্তাবকে ‘বিভেদ সৃষ্টিকারী’ ও ‘ফ্যাসিস্টদের জন্য সুযোগ তৈরি’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৩ জুলাই) লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশের বাস্তবতায় এখন পিআর পদ্ধতিতে গেলে নিজেদের মধ্যেই বড় ধরনের বিভেদ সৃষ্টি হবে। ফলে ফ্যাসিস্ট শক্তিগুলো সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান স্পষ্ট বলেছেন— এই পদ্ধতির পক্ষে ব্যক্তিগত মত থাকা যায়, কিন্তু দেশের রাজনীতিতে এটি গ্রহণযোগ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন। একটি উপযুক্ত সময়ে, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা সেটিকে সর্বাত্মক সহযোগিতা করব।”
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জনগণ পরিবর্তন চায় এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তবর্তী সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে সদ্য লন্ডনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকে ‘জাতির ভবিষ্যতের স্বার্থে গুরুত্বপূর্ণ একটি সংলাপ’ বলে অভিহিত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের স্থানীয় নেতারা।





