বরগুনার পাথরঘাটা উপজেলার ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো একদিনব্যাপী মেডিকেল ক্যাম্প। সোমবার (২৩ জুন) আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৪০০ জন নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
এই কার্যক্রমটি পরিচালনা করে খুলনা নৌ অঞ্চল কমান্ডারের তত্ত্বাবধানে বরগুনা নৌ কন্টিনজেন্ট। সেবা দেন বানৌজা ‘উপশম’-এর দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকরা। রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের পাশাপাশি সাধারণ অসুখ থেকে শুরু করে কিছু জটিল সমস্যারও চিকিৎসা দেওয়া হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পাথরঘাটার দুর্গম ও উপকূলীয় অঞ্চলে বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষদের জন্য এ সেবা বিশেষভাবে কার্যকর হয়েছে। রোগীরা চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
নৌবাহিনী সূত্রে আরও জানানো হয়, ভবিষ্যতেও দেশের অন্যান্য দুর্গম এলাকায় নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





