রাজধানীতে ধারালো অস্ত্রের শোডাউন দেওয়া ‘টুন্ডা বাবু’ গ্রেপ্তার

Views: 31

৩ জুলাই—রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ধারালো অস্ত্র হাতে প্রকাশ্যে শোডাউন দিয়ে আলোচনায় আসা কিশোর গ্যাং নেতা মো. বাবু খান ওরফে ‘টুন্ডা বাবু’ (৩১)‑কে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে বৃহস্পতিবার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

র‍্যাব-২ এর পরিচালক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার জানান, টুন্ডা বাবু কুখ্যাত সন্ত্রাসী ‘কবজিকাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী। তার নেতৃত্বে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, ভূমি দখল, ডাকাতি ও খুনের মতো অপরাধ সংঘটিত হতো। বিশেষ করে দিনে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই চালাত এবং রাতে ফ্ল্যাট বা বাসায় ঢুকে ডাকাতি করত।

র‍্যাব জানায়, গত ১৮ ফেব্রুয়ারি শ্যামলী হাউজিংয়ে দুই হাতে ধারালো অস্ত্র নিয়ে টুন্ডা বাবুর শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ২৪ ফেব্রুয়ারি তাকে প্রথমবার গ্রেপ্তার করে র‍্যাব। কিন্তু ৫ মে জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডা বাবু স্বীকার করেছে যে, শুটার আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের নির্দেশে সে মোহাম্মদপুরে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যা প্রচেষ্টা, ডাকাতি, ছিনতাইসহ ১০টির বেশি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, সম্প্রতি মোহাম্মদপুরে ধারাবাহিক অভিযানে মাদক কারবারি ভূঁইয়া সোহেল, চুয়া সেলিম, এবং কবজিকাটা আনোয়ারসহ আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর কিশোর গ্যাং ও মাদক–সন্ত্রাসচক্র নির্মূলে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

image_pdfimage_print

Posted on: July 3, 2025 | Author: Chandradip News24