ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারণ এবং গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ জনতা মানববন্ধনে অংশ নিয়েছে।
গতকাল (২১ জুন) বিকেলে দপদপিয়া ইউনিয়নের ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে ইউনিয়নের সাধারণ মানুষ ও বিএনপি সমর্থিত স্থানীয় নেতাকর্মীরা। এতে অংশ নেয় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান সোহরাব হোসেন দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের অধিকার হরণ করে আসছেন। তারা দাবি করেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্বেচ্ছাচারী আচরণ করছেন এবং জনগণের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন। রাজনৈতিকভাবে প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালানোও তার অন্যতম অভিযোগ।
বক্তারা আরও জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনগণের সঙ্গে এমন স্বেচ্ছাচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





