পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে পায়রা সেতুর টোল প্লাজা অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। এতে সেতুর দুই প্রান্তে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১️⃣ কৃষি-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে (ডিএই, বিএডিসি ইত্যাদি) ১০ম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ও সমমানের পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২️⃣ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে কোটার মাধ্যমে ৯ম গ্রেডে (বিএডিসি) পদোন্নতির সুযোগ বাতিল করতে হবে।
৩️⃣ কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া কেউ নামের সঙ্গে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার করতে পারবে না।
শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।
বিক্ষোভে বক্তব্য দেন কৃষি অনুষদের শিক্ষার্থী গাজী রিজওয়ান, জাকির হোসেন, শাজনীন রিংকু ও সুমাইয়া সূচনা। তাঁরা জানান, সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে আন্দোলন থেকে সরে আসা হয়েছে। তবে দাবি আদায়ে আগামী মঙ্গলবার ঢাকামুখী লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
অবরোধ চলাকালে মহাসড়কে বহু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে দুমকি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কথা বলার পর তারা অবরোধ প্রত্যাহার করে।”
পটুয়াখালী সড়ক বিভাগের সার্ভেয়ার মো. নাজমুল হুদা জানান, প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
✍️ মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





