পায়রা বিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্তদের ৮ দফা দাবি, আল্টিমেটাম দিল পরিবারগুলো

Views: 22

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সরব হয়েছেন। দীর্ঘদিন প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবার তারা আট দফা দাবি উত্থাপন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর। তিনি অভিযোগ করেন, জমি হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেলেও কর্তৃপক্ষ দায়িত্ব পালন করছে না। এ অবস্থায় অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ৮ দফা দাবির মধ্যে রয়েছে—

  • পরিবারভিত্তিক যোগ্যতার ভিত্তিতে স্থায়ী চাকরির ব্যবস্থা
  • অধিগ্রহণকৃত জমির দেড়গুণ মূল্য দ্রুত পরিশোধ
  • সব ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা
  • বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ
  • ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সুবিধা নিশ্চিত
  • এলাকায় পরিবেশগত ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ প্রদান
  • বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট দুর্নীতি ও সম্পদ লুটপাটে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি
  • ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজ ঘোষণা

রবিউল আউয়াল অন্তর আরও বলেন, “দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে সাত দিনের আল্টিমেটাম দেওয়া হলো। এরপরও কোনো উদ্যোগ না নিলে আমরা বিদ্যুৎকেন্দ্রগামী প্রধান সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।”

সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বহু পরিবার উপস্থিত ছিলেন। তারা জানান, বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে উন্নয়নের স্বপ্ন দেখলেও বাস্তবে জমি হারানো মানুষগুলো প্রতিশ্রুত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: August 29, 2025 | Author: Chandradip News24