পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণ লুট

Views: 64

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইরুল ইসলামের বাড়িতে শনিবার (৯ আগস্ট) গভীর রাতে ১৯–২০ জনের সশস্ত্র ডাকাত দল হামলা চালিয়ে নগদ ৯ লাখ টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী সাইরুল ইসলাম জানান, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে জানালার গ্রিল কেটে এক ডাকাত ঘরে প্রবেশ করে ভেতরের দরজা খুলে দেয়। এরপর পুরো দল ঘরে ঢুকে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি রাখে। ভয়ঙ্কর এই হামলায় পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে।

এর আগে, একই উপজেলার পূজাখোলা এলাকায় ৪ আগস্ট গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে ৪–৫ জনের ডাকাত দল প্রবেশ করে। তারা গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে মারধর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও সিসিটিভির হার্ডডিস্ক লুট করে নেয়। ওই সময় প্রবাসীর স্ত্রীকে সম্ভ্রমহানির হুমকি দেওয়া হলে তিনি আতঙ্কে ছাদ থেকে লাফ দেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। প্রবাসীর স্বামী বর্তমানে সৌদি আরবে কর্মরত।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “দুটি ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট,চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: August 10, 2025 | Author: Chandradip News24