আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় ১৪ দল ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।
১২ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে আমাদের জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তিনি নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও সময়সূচি ঘোষণা করবেন। বর্তমান সংকট নিরসনে নির্বাচনই একমাত্র পথ—এমনটি তিনি আমাদের স্পষ্টভাবে বলেছেন।”
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, “প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে খুব শিগগিরই একটি অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে জাতিকে বিস্তারিত জানানো হবে। তিনি আমাদের সঙ্গে আলোচনায় এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।”
তিনি আরও বলেন, “নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা আমাদের সামনে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। এজন্য আমরা সবাই তাকে সাধুবাদ জানিয়েছি। দেশবাসীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।”
বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে সম্প্রতি যে অপপ্রচার চলছে, তা নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। এসব অপপ্রচার কীভাবে বন্ধ করা যায়—সে বিষয়ে রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়া হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক সংকট এবং ৫ আগস্টের আগের ঐক্যের প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং পরাজিত শক্তিকে মাথাচাড়া দিতে না দিই।”
বৈঠকে উপস্থিত ছিলেন—
- জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস
- নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী
- বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ
- এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ
- জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা
- বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন
- এনডিএম-এর ববি হাজ্জাজ
- জাকের পার্টির শামীম হায়দার
- ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
- ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু
- বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান
- বাসদ (মার্কসবাদী)-এর মাসুদ রানা
- জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী
এর আগে গত বুধবার যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারও আগে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।





