টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া ও সাইবার ব্ল্যাকমেইল কার্যক্রম পরিচালনাকারী একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। ভোলা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২৭ এপ্রিল) র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন ওরফে অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম ওরফে মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)। অভিযানের সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে টেলিগ্রাম অ্যাপের অপব্যবহার ও সাইবার অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। অনুসন্ধানে একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়, যারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
চক্রটি মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত ডিভাইস থেকে কৌশলে ছবি ও ভিডিও সংগ্রহ করত। পরে সেগুলো টেলিগ্রামের বিভিন্ন গোপন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে বিক্রি করা হতো। অনেক ক্ষেত্রে ব্রেকআপের পর প্রাক্তন সম্পর্কের ব্যক্তিদের কাছ থেকেও এসব ছবি-ভিডিও সংগ্রহ করা হতো বলে জানায় র্যাব।
র্যাবের অভিযানে উদ্ধার করা মোবাইল ফোনগুলোতে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও পাওয়া গেছে। এছাড়াও প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের সন্ধান মিলেছে, যেগুলোর মাধ্যমে এসব কনটেন্ট ছড়িয়ে দেওয়া হতো।
র্যাব-৮ জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্রটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





