বরগুনার আমতলীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২২ জুন) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুইজন যাত্রী।
নিহতরা হলেন—আমতলী উপজেলার গাজিপুর সোনাখালীর মো. আজিজুল ইসলাম (৬৫) এবং গলাচিপা উপজেলার নলুয়া বগীর খালেদা বেগম (৫০)। আহত তিনজনের মধ্যে একজন নারী যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। বরগুনা ও আমতলীর দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হানিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মরদেহ দুটি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ইকরা লাক্সারী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





