রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে আগ্রহ দেখাচ্ছে না ইসরায়েল

Views: 19

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহ দেখালেও ইসরায়েল সেই প্রস্তাবে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৭ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত থাকলেও ইসরায়েল তাতে আগ্রহ দেখাচ্ছে না।

পেসকভ বলেন, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছেন, সংঘাত থামাতে প্রয়োজন হলে রাশিয়া মধ্যস্থতার জন্য প্রস্তুত। কিন্তু আমরা দেখছি, ইসরায়েল কোনো ধরনের বাইরের মধ্যস্থতা গ্রহণ করতে চাইছে না এবং শান্তিপূর্ণ সমাধানের পথেও তারা রাজি নয়।”

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান। তবে তেহরান তা অস্বীকার করেছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত পাঁচদিনে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকরা। রোববারের পর থেকে হতাহতের সংখ্যা আর হালনাগাদ করেনি তেহরান।

অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর।

এদিকে, রাশিয়ার মধ্যস্থতা প্রশ্নে ভিন্নমত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের কারণে রাশিয়া এখন কোনো সংঘাতে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয়।

গত কয়েক বছরে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। পাশাপাশি, ইসরায়েলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মস্কো। এই দ্বিমুখী সম্পর্কের কারণে ইরান-ইসরায়েল সংঘাতে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিতে পারছে বলে বিশ্লেষকদের অভিমত।

image_pdfimage_print

Posted on: June 18, 2025 | Author: Chandradip News