সৌদি সংবাদমাধ্যম আল-হাদাত জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধার হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে খান ইউনিসে দখলদার ইসরায়েলি বাহিনীর নিক্ষেপকৃত আচমকা হামলায় তিনি নিহত হন।
আল-হাদাত আরও জানায়, মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে অভিযানস্থলে আরও ১০ জন তার সহকর্মীর মরদেহ পাওয়া গেছে।
মোহাম্মদ সিনওয়ার ছিলেন সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। গত বছরের অক্টোবর মাসে গাজার রাফা এলাকার ‘তেল সুলতান’ নামক পয়েন্টে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তিনি সামরিক শাখার দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে গাজার প্রধান নিয়োগও পান তিনি।
এছাড়া একই হামলায় হামাসের রাফা ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাও নিহত হয়েছেন বলে আল-হাদাত জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বৈঠকে মন্তব্য করেন, “মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও সব ইঙ্গিতই তাঁর নিহত হওয়ার দিকে নির্দেশ করছে।”
উল্লেখ্য, দীর্ঘদিন হামাসের সামরিক শাখার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ দেইফ। গত বছরের জুলাইয়ে দেইফ নিহতের পর প্রথমে সামরিক শাখার, পরবর্তীতে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর পুরো গাজার দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ সিনওয়ার।





