৬ অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ, নদীতে ফিরেছেন জেলেরা

Views: 10

বরিশালের ৬টি অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণে আরোপিত নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতের পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই হাজার হাজার জেলে নৌকা ও ট্রলার নিয়ে নদ-নদীতে মাছ ধরতে নামেন। এতে দক্ষিণাঞ্চলের জেলে পল্লীগুলোতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

মেঘনা, তেঁতুলিয়া, কালাবদর ও বলেশ্বর নদীসহ বিভিন্ন নদ-নদীতে জেলেদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। দীর্ঘদিন পর মাছ ধরার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা।

তবে মৎস্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত সারা দেশে জাটকা আহরণ, পরিবহন ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা কার্যকর রেখেছে।

এদিকে সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় বঙ্গোপসাগরের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা এখনো চলমান রয়েছে। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ১২ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করতে দেশের বিভিন্ন নদ-নদীর গুরুত্বপূর্ণ অংশকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ষাটনল থেকে চর আলেকজান্ডার, মেঘনার শাহবাজপুর চ্যানেল, তেঁতুলিয়া নদী, নিম্ন পদ্মা ও কালাবদর-গজারিয়া-মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকা।

সরকারি তথ্যমতে, দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় ৬৬ থেকে ৬৮ শতাংশ আসে বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী ও সাগর মোহনা থেকে। গত দুই দশকে বিভিন্ন নিষেধাজ্ঞা ও অভিযান পরিচালনার ফলে ইলিশ উৎপাদন প্রায় তিনগুণ বৃদ্ধি পেলেও সাম্প্রতিক সময়ে উৎপাদনে কিছুটা হ্রাস দেখা গেছে।

নিষেধাজ্ঞাকালীন সময়ে মৎস্য অধিদপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশ যৌথভাবে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। এসময় হাজার হাজার মিটার কারেন্ট জাল ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পাশাপাশি বহু মামলা, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জাটকা রক্ষায় আগামী ৩০ জুন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে উপকূলীয় এলাকার ২ লাখ ৩৪ হাজারের বেশি জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জাটকা ও মা ইলিশ রক্ষা করা গেলে দেশে ইলিশ উৎপাদন আরও বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও শক্তিশালী হবে।

**এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫**

image_pdfimage_print

Posted on: May 2, 2026 | Author: Chandradip News24