“আমরা সংস্কারও চাই, জনগণের সরকারও চাই। কিন্তু সংস্কারের নামে যেন আমাদেরকে গণতান্ত্রিক সরকার থেকে বঞ্চিত করা না হয়,”—এভাবেই মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে বরিশাল মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বিএনপি আন্দোলন-সংগ্রাম করে দেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে। গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ ৬০ হাজার মামলা দায়ের করা হয়েছে, ৬২ লাখ বিএনপি নেতাকর্মীকে কোনো না কোনোভাবে আসামি করা হয়েছে।”
মিন্টু আরও জানান, “বিএনপি যে সংগ্রাম করেছে, তাতে প্রাথমিকভাবে দল সফল হয়েছে এবং একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছে। তবে আসল উদ্দেশ্য হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা, যা এখনও বাস্তবায়িত হয়নি।”
তিনি বলেন, “অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মানুষের দ্বারা নির্বাচিত সরকারই আমাদের লক্ষ্য।” তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-৩০ নামে একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন, এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন। পরে, সব দলের সঙ্গে আলাপ করে ৩১ দফার একটি সংস্কার প্রস্তাবও দেওয়া হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওনাকুল ইসলাম টিপু, হাসান মামুন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





