ফরচুন জুতার কারখানায় শ্রমিকদের বিক্ষোভ, উত্তেজনার পর সমাধান

Views: 34

বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকায় বকেয়া বেতন ও ওভারটাইম ভাতার দাবিতে ফরচুন জুতার কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া উত্তেজনা দুপুর পর্যন্ত বিসিক এলাকায় টানটান পরিস্থিতি তৈরি করে।

শ্রমিকরা জানান, টানা দুই মাস ধরে তাদের বেতন দেওয়া হয়নি। পাশাপাশি ওভারটাইমের মজুরিও বকেয়া রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে এক সুপারভাইজার এক শ্রমিককে মারধর করলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এসময় ফরচুন সুজ লিমিটেড ও একই মালিকানাধীন প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেডের শ্রমিকরা যৌথভাবে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিক ও সুপারভাইজারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেডের গেটে হামলার চেষ্টা চালান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান, শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার গেট ভাঙচুরের চেষ্টা চালালেও পরে মালিক মিজানুর রহমান বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা শান্ত হন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 28, 2025 | Author: Chandradip News24