পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি আব্দুল হান্নান হাওলাদার (৫৫) পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুর চুঙ্গাপাশা থেকে বৌভাত শেষে মেয়ের পক্ষের আত্মীয়স্বজনরা বাসযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান।
পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মতিউর রহমান জানান, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “বাস ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থলে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।”
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর আশপাশের উপজেলার সব এম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





