বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঁচটি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম রাখা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারভুক্ত ব্যক্তিদের নামে। তবে নতুন নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট নামগুলো পরিবর্তন করে সাধারণ নামকরণ করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ পরিবর্তন আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে প্রতিষ্ঠানগুলোর তালিকা চেয়েছিল। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী নাম পরিবর্তন করে আমরা সংশ্লিষ্ট কলেজগুলোতে নির্দেশনা পাঠিয়েছি। ইতোমধ্যে বেশ কয়েকটি কলেজ নতুন নাম অনুযায়ী সাইনবোর্ডও স্থাপন করেছে।”
নতুন নাম অনুযায়ী পরিবর্তিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো:
🔹 শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজ → কাউনিয়া সরকারি কলেজ, বরিশাল
🔹 দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয় → আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, মেহেন্দিগঞ্জ
🔹 শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজ → আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, আগৈলঝাড়া
🔹 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ → নাজিরপুর সরকারি মহিলা কলেজ, পিরোজপুর
🔹 সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ → ভোলা সরকারি মহিলা কলেজ, ভোলা
প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ভবিষ্যতে এ ধরণের আরও কিছু নাম পরিবর্তনের প্রক্রিয়া রয়েছে। তবে সেসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





