ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। প্রায় তিন ঘণ্টা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ভাঙ্গা গোলচত্বরের ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের প্রবেশমুখে একযোগে অবরোধ শুরু হয়। এসময় দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও প্রশাসনের আশ্বাসে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ইউএনও মিজানুর রহমান বলেন, ভাঙ্গা একটি ঐতিহ্যবাহী উপজেলা। বিভাজন ঠেকাতে যা যা করণীয় তা করা হবে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, অবরোধ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





