জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

Views: 115

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার জনগণকে সম্পৃক্ত করে দোয়া, সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও গণমিছিলসহ নানা আয়োজনে পালিত হবে এই কর্মসূচি।

কর্মসূচির বিস্তারিত:

  • ১ জুলাই: গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দেশব্যাপী শাখা পর্যায়ে দোয়া অনুষ্ঠান।
  • ২–৪ জুলাই: দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ।
  • ৮–১৫ জুলাই: শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়।
  • ১৬ জুলাই: অকুতোভয় প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে আলোচনা সভা ও দোয়া (রংপুরে)।
  • ১৯ জুলাই: সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবারের উদ্যোগে আয়োজিত স্মরণানুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ।
  • ২০–২৪ জুলাই: গণ-আন্দোলনের উদ্দেশ্য ও প্রত্যাশা নিয়ে সেমিনার-সিম্পোজিয়াম।
  • ২৫–২৮ জুলাই: গণ-অভ্যুত্থান বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
  • ২৯–৩০ জুলাই: নারী ও ছাত্র সংগঠনের উদ্যোগে আলোচনা সভা।
  • ১ আগস্ট: জাতীয় সেমিনার, যেখানে শহীদদের স্মরণে প্রকাশিত ১০ খণ্ডের স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদ মোড়ক উন্মোচন করা হবে।
  • ১–৩ আগস্ট: ছাত্র সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী।
  • ৫ আগস্ট: “গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন” উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী গণমিছিল।
  • ৬–৮ আগস্ট: সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্ট দিনটি একটি ঐতিহাসিক মাইলফলক, যেদিন পতিত স্বৈরাচার দেশত্যাগে বাধ্য হয়েছিল। সেই বিজয়কে স্মরণ করতেই দলটি ব্যাপক কর্মসূচি নিয়েছে।

তিনি দেশের গণমাধ্যম, বুদ্ধিজীবী, সাংবাদিক, ও বিভিন্ন শ্রেণি-পেশার জনগণের প্রতি এসব কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানান।

এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “গণমাধ্যম অতীতে যেমন নিরপেক্ষ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও গণতন্ত্র ও জাতীয় স্বার্থে তেমন অবদান রাখবে বলে আমরা আশাবাদী।”

image_pdfimage_print

Posted on: June 28, 2025 | Author: Chandradip News