গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টেকে না : রহমাতুল্লাহ

Views: 32

বরিশালের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা শাখার ১ নম্বর সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বরিশালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।

ইফতার মাহফিলে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “গত ১৫ বছর ধরে সাংবাদিকদের নিয়ে ইফতার করার ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়নি। অবশেষে এবার সেই সুযোগ পেয়েছি।”

তিনি অভিযোগ করেন, “শেখ মুজিব তার শাসনামলে সাংবাদিকদের কণ্ঠরোধ করেছিলেন। চারটি পত্রিকা বাদে বাকি সব বন্ধ করে দেন, যা ছিল গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এক বড় আঘাত। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের অধিকার রক্ষা করেন। কিন্তু গত ১৫ বছর ধরে শেখ হাসিনার সরকার আবারও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে। সাংবাদিকদের হয়রানি, গুম, খুন ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে ভয়ভীতি দেখানো হয়েছে।”

তিনি আরও বলেন, “যে সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, সেই সমাজ গণতান্ত্রিক হতে পারে না। গণমাধ্যম কর্মীরা সব মানুষের খোঁজ নিলেও তাদের খোঁজ নেওয়ার কেউ থাকে না। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।”

ইফতার মাহফিলে বরিশালের সিনিয়র ও নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ, সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সুমন চৌধুরী, সাংবাদিক সাইফুর রহমান মিরন, পারভেজ রাসেল, অপূর্ব অপু, মুশফিক সৌরভসহ আরও অনেকে।

এই আয়োজনের মাধ্যমে বরিশালের সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা রহমাতুল্লাহর সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: March 13, 2025 | Author: Chandradip News24