ফের কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা পলাশ

Views: 63

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিত অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ আবারও বাবা হয়েছেন। তার স্ত্রী নাফিসা সুস্থ একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে পলাশের পরিবারজুড়ে বইছে আনন্দের আমেজ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়। হাসপাতাল থেকেই আনন্দের খবরটি নিশ্চিত করেন পলাশ। তিনি জানান, আল্লাহর অশেষ রহমতে মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আপাতত তারা সবাই হাসপাতালে রয়েছেন।

পলাশ বলেন, ছেলে ও মেয়েকে যেন সুস্থভাবে বড় করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। পরিবারের এই নতুন সদস্যকে ঘিরে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছে তাদের ঘর।

টেলিভিশন পর্দায় জিয়াউল হক পলাশের জনপ্রিয়তা মূলত কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে। কাবিলা চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায় এবং দেশ-বিদেশে তার পরিচিতি ছড়িয়ে দেয়। এই চরিত্রই তাকে অভিনয়জগতে শক্ত অবস্থানে পৌঁছে দেয়।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। এর পর ২০২৩ সালের জুলাইয়ে তাদের প্রথম পুত্রসন্তানের জন্ম হয়। সন্তানের নাম রাখা হয় মোহাইমিনুল হক আহান। এবার পরিবারে যুক্ত হলো আরেকটি নতুন মুখ, কন্যাসন্তান।

ক্যারিয়ার শুরুর দিকে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন পলাশ। এরপর দীর্ঘ সময় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেন। পাশাপাশি ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হওয়ার পর তার ক্যারিয়ারে নতুন গতি আসে।

পরবর্তীতে অভিনয়ে বেশি মনোযোগী হয়ে ওঠেন পলাশ। অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও নিয়মিত কাজ করছেন এই অভিনেতা-নির্মাতা। নতুন সন্তানের আগমনে ব্যক্তিগত জীবনের এই সুখের মুহূর্তকে তিনি ক্যারিয়ারের প্রেরণা হিসেবেই দেখছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: February 4, 2026 | Author: Chandradip News24