ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত, শুল্ক কমলো ২৫ থেকে ১৮ শতাংশ

Views: 11

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর সোমবার রাতে ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। চুক্তি কার্যকর হলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে। তবে রাশিয়া থেকে তেল আমদানির কারণে পূর্বে বলা অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানামূলক শুল্ক নিয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।

ট্রাম্পের বরাতে জানা গেছে, এই চুক্তির আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য, কয়লা ও অন্যান্য পণ্য আমদানি করবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ভারতের তৈরি পণ্যের শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট এবং ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। মোদী আরও বলেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি ও গণতন্ত্র একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষ উপকৃত হয় এবং এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

দুই নেতা ভবিষ্যতে পারস্পরিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তবে রাশিয়া থেকে তেল আমদানি সংক্রান্ত অতিরিক্ত শুল্ক বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, পরবর্তী আলোচনার ফলাফলের ওপর এই সিদ্ধান্তের চূড়ান্ত রূপ নির্ভর করবে এবং তা ভারত–আমেরিকার অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: February 3, 2026 | Author: Chandradip News24