অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের যুব ক্রিকেটারদের বিরুদ্ধে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
দীর্ঘ ১৩ বছরের শৈল্পিক আক্ষেপ ঘুচিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জয় করা পাকিস্তান দল প্রধানমন্ত্রী শাহবাহ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পিসিবি সভাপতি। নকভি জানিয়েছেন, ভারতীয় দলের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না।
তিনি বলেন, “অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা আমাদের ক্রিকেটারদের উত্তেজিত করছিল। আমরা এই বিষয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবো। রাজনীতি এবং ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।”
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে দু’দল খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই কয়েকবার হয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়েছে। তবে মাঠে ব্যাটে ভারত যথাযথ প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হয়ে ১৯১ রানে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে।
এর আগে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদও ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





