পটুয়াখালীর বাউফলে সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) গণমাধ্যমে হামলা, দমন ও প্রহারকে ঘিরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাউফল প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি মোঃ জলিলুর রহমান। বক্তব্য দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ-এর প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, মাই টিভি-এর বাউফল প্রতিনিধি মোঃ অহিদুজ্জামান ডিউক এবং দৈনিক প্রথম আলো-এর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান।
বক্তারা উল্লেখ করেন, সংবাদমাধ্যমে হামলা ও দমন-পীড়নের ইতিহাস বাংলাদেশে নতুন নয়। স্বাধীনতার আগে সামরিক আগ্রাসন, স্বাধীনতার পর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক সময়ে জনতার সহিংসতায় পত্রিকা অফিসে অগ্নিসংযোগ—সব মিলিয়ে গণমাধ্যম বারবার সংকটের মুখে পড়েছে। সম্প্রতি দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এই পুরোনো ইতিহাসের ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।
দৈনিক বাংলাদেশের আলো-এর বাউফল প্রতিনিধি মো. তরিকুল ইসলাম (মোস্তফা) বলেন, ২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট-এর সময় ঢাকায় দৈনিক ইত্তেফাক-এর অফিস ও ছাপাখানায় আগুন দেওয়া হয়েছিল। স্বাধীনতা ও বাঙালির অধিকার আন্দোলনের পক্ষে অবস্থান নেয়ায় পত্রিকাটি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এটি ছিল স্বাধীনতার কণ্ঠ স্তব্ধ করার সরাসরি চেষ্টা।
মানববন্ধন শেষকালে অংশগ্রহণকারীরা গণমাধ্যমে হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্বাধীন, নিরপেক্ষ ও সুষ্ঠু সাংবাদিকতা প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





