তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের মৃত্যু

Views: 34

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মো. সাজিদকে টানা ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। উদ্ধার শেষে হাসপাতালে নেওয়ার পর শিশুটির ইসিজি করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে চিকিৎসকরা। শিশুটির বাবার নাম রাকিব

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময়ের রুদ্ধশ্বাস অভিযান শেষে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করেন।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে পরিবারের বাড়ির পাশেই বহুদিনের অকেজো ও খোলা থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শিশুটিকে উদ্ধারে মূল গর্তের পাশ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে নিচে নামার চেষ্টা করা হয়। বিকেলে উদ্ধারকারী দল ৪৫ ফুট গভীরেও শিশুটিকে খুঁজে না পেলেও অভিযান চলতে থাকে। সন্ধ্যা পর্যন্ত বিরামহীন উদ্ধার কাজের পর শিশুটিকে উপরে তোলা সম্ভব হয়, কিন্তু হাসপাতালে নেওয়ার পর আর তার জীবন রক্ষা করা যায়নি।

স্থানীয়দের দাবি, খোলা অবস্থায় ফেলে রাখা গভীর নলকূপের মুখই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী। ভবিষ্যতে এ ধরনের অবহেলার বিরুদ্ধে ব্যবস্থা ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: December 12, 2025 | Author: Chandradip News24