নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের ইয়ালুং রি পর্বতে তুষারধসে অন্তত সাতজন পর্বতারোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশী ও দুইজন নেপালি গাইড রয়েছেন। আহতদের রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনা সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং রি বেস ক্যাম্পের কাছে ঘটে। অভিযাত্রী সংস্থা সেভেন সামিট ট্রেক্স জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বর্তমানে উদ্ধারকারীরা দুটি মরদেহ উদ্ধার করেছেন। বাকি পাঁচজনের মরদেহ ১০–১৫ ফুট তুষারের নিচে চাপা থাকতে পারে, যার কারণে উদ্ধারকাজে সময় লাগছে।
নিহতদের মধ্যে ইতালীয় দুইজন, কানাডীয় একজন, জার্মান একজন, ফরাসি একজন এবং দুইজন নেপালি গাইড রয়েছেন। উদ্ধার হেলিকপ্টার দোলাখার না গাঁও এলাকায় অবতরণ করেছে। ইয়ালুং রি বেস ক্যাম্প থেকে স্থানটি প্রায় পাঁচ ঘণ্টার হাঁটার পথে অবস্থিত। তবে খারাপ আবহাওয়া ও দুর্গম পার্বত্য অবস্থার কারণে উদ্ধারকাজ জটিল হয়ে পড়েছে।
এদিকে, পশ্চিম নেপালের প্যানবারি পর্বতে নিখোঁজ দুই ইতালীয় পর্বতারোহীর উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। স্টেফানো ফাররোনাতো ও আলেসান্দ্রো কাপুতো তিন সদস্যের দলে ছিলেন। গত সপ্তাহে স্থানীয় গাইডসহ আটকা পড়ার পর তাদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। দলের তৃতীয় সদস্য ভেলটার পারলিনোকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





