আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি বগুড়ার বদলে লড়বেন রাজধানীর ঢাকা-১৭ আসন থেকে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে হিরো আলম গণমাধ্যমকে জানান, তিনি ঢাকার ১৭ নম্বর আসন থেকে এমপি পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। এই আসনটি ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।
হিরো আলম বলেন, “নির্বাচন আমার কাছে শুধু জেতার লড়াই নয়, এটা জনগণের কণ্ঠ প্রকাশের একটি মাধ্যম। আগে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এবারও করব। আমি চাই দেশে একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। মানুষ যেন উৎসবের মতো ভোট দিতে পারে।”
তিনি জানান, বর্তমানে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে তার আলোচনা চলছে। তবে কোনো দলের সঙ্গে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যোগ দেবেন, না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন।
নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি দাবি করে হিরো আলম বলেন, “আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষের প্রতিনিধি হয়ে। কারণ দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি ওই পরিশ্রমী মানুষরাই। তারা দিনরাত কাজ করে দেশ এগিয়ে নেয়, অথচ তারাই রাষ্ট্রীয় সেবায় সবচেয়ে বেশি উপেক্ষিত।”
উল্লেখ্য, হিরো আলম এর আগে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এছাড়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন হামলার শিকার হওয়ায় ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। সেই সময় আন্তর্জাতিক মহল এ হামলার নিন্দা জানায়।
এবারের নির্বাচনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ জামায়াতে ইসলামি, এনসিপি এবং আরও কয়েকটি দলের প্রার্থী।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





