কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৩শ’ মন ঝাটকা ইলিশ জব্দ

Views: 54

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১৩শ’ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার সোনাতলা নদী সেতুর পাশে ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি স্টেশন নিজামপুর, মহিপুর ইউনিটের সদস্যরা।

অভিযানের সময় দুটি ট্রাকে করে বিপুল পরিমাণ ঝাটকা ইলিশ পরিবহন করা হচ্ছিল। এসময় ‘চাকলাদার পরিবহন’ ও ‘মোরল এক্সপ্রেস’ নামের ট্রাক দুটি আটক করে কোস্ট গার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটি ট্রাক মালিককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জব্দকৃত ইলিশগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসির সাদেক, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মহসিন রেজা এবং কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, “ঝাটকা ইলিশ ধরা, পরিবহন বা মজুদ রাখা আগামী আট মাস পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের এক কর্মকর্তা জানান, মা ইলিশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের ইলিশ উৎপাদন বৃদ্ধির স্বার্থে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট 
image_pdfimage_print

Posted on: November 3, 2025 | Author: Chandradip News24