নিজ দলের কর্মীদের ওপর হামলায় ক্ষুব্ধ আন্দালিব পার্থ

Views: 56

নিজ দলের কর্মীদের ওপর বিএনপির হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পার্থ জানান, ভোলা সদরে বিজেপির একটি বৃহৎ নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে হাজারো মানুষ অংশগ্রহণ করে। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর জোহরের নামাজের আগে অল্পসংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০ থেকে ৫০০ জন বিএনপি নেতাকর্মী হঠাৎ করে তাদের ওপর হামলা চালায় এবং বিজেপির কার্যালয় ভাঙচুর করে।

তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। এমন আচরণ জাতীয়তাবাদী রাজনীতির জন্য হুমকিস্বরূপ। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।”

পার্থ আরও সতর্ক করে বলেন, “এভাবে রাজনৈতিক সহিংসতা চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে এবং দেশের নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়বে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: November 2, 2025 | Author: Chandradip News24