নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে বরগুনায় ১৩ জেলেকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলার মালিক রিপন মীরকে ১৫ দিনের এবং অপর ১২ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মৎস্য বিভাগ জানায়, অভিযানে জেলেদের কাছ থেকে প্রায় ১ মণ ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা মাছ স্থানীয় ৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
দণ্ডিত জেলেরা হলেন — মো. পালাশ, মো. আউয়াল, মো. মনির, সাগর, ছগীর, মো. নুরুজ্জামান, রাকিব, রিপন মীর, রাজিব সিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং রিপন সিকদার। তারা সবাই বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকার বাসিন্দা।
জেলা মৎস্য কর্মকর্তা মহসীন বলেন, মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার রাতে নলটোনা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে।
এদিকে জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার শুরু থেকে এ পর্যন্ত ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, প্রায় ১৮৭ কেজি ইলিশ জব্দ এবং বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





