চাকসু নির্বাচনে বিজয়ের পর শিবির সভাপতির প্রতিক্রিয়া

Views: 39

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ এর বিজয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, “এই বিজয় জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদদের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমরা সবাই জিতেছি— শিক্ষার্থীরাও জিতেছেন। শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান না দেওয়া পর্যন্ত আমরা থামছি না।”

তিনি আরও বলেন, “যারা নির্বাচনে আমাদের বিরোধিতা করেছেন, বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছেন বা বিভেদ সৃষ্টি করেছেন, তাদের সব ভুলে আমরা এগিয়ে যেতে চাই। কারো প্রতি কোনো অনুযোগ নেই, বরং সবাইকে নিয়েই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে চাই।”

সংগঠনের সভাপতি আরও যোগ করেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ এখন শিক্ষার্থীদের জন্য উৎসর্গিত। যেদিন আমরা তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারব, সেদিনই এই বিজয় সত্যিকারের পূর্ণতা পাবে।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব এবং সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতারা। ফজরের নামাজ শেষে অনুষ্ঠিত দোয়ায় জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 16, 2025 | Author: Chandradip News24