দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে যেন ব্রাজিল ফুটবলের এক উৎসবই হয়ে গেল। বহুদিন পর সেই পুরনো নান্দনিক ফুটবলে ফিরেছে সেলেসাওরা। শুক্রবার (১০ অক্টোবর) সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৫-০ গোলের বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
কোচ কার্লো আনচেলত্তির অধীনে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ব্রাজিল। ১৩ মিনিটেই এগিয়ে যায় দল। ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস থেকে গোল করেন তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। ৪০ মিনিটে রদ্রিগোর অসাধারণ দূরপাল্লার শটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। ক্যাসেমিরো ও ভিনিসিউসের সঙ্গে চমৎকার সমন্বয়ে তৈরি হয় গোলটি।
বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল পায় সেলেসাওরা। ৪৭ মিনিটে এস্তেভাও নিজের দ্বিতীয় গোল করেন কোরিয়ান ডিফেন্ডারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে। আর ৪৯ মিনিটে ভিনিসিউসের দারুণ পাস থেকে রদ্রিগো পান তার দ্বিতীয় গোলের দেখা।
শেষ দিকে ৭৭ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। ম্যাথুস কুনহার লম্বা পাসে ছুটে গিয়ে কোরিয়ান গোলরক্ষককে পরাস্ত করে তিনি এই গোলটি করেন।
এই ৫-০ ব্যবধানের জয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ৫-১ ব্যবধানে।
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই জয় নিঃসন্দেহে ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। এশিয়া সফরে ব্রাজিলের এটি ছিল প্রথম ম্যাচ। সামনে ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তারা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





