বেল্লাল মাদবরের মৃত্যুর বিচার দাবিতে মরিচবুনিয়ায় মানববন্ধন

Views: 27

পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণির কর্মচারী বেল্লাল মাদবরের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা মাদ্রাসা চত্বর ঘুরে প্রধান সড়কে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত বেল্লাল মাদবরের স্ত্রী কোলে ছয় মাসের শিশু নিয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, বেল্লালের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়; এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে বেল্লাল মাদবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও, পরিবার ও এলাকাবাসী শুরু থেকেই হত্যার অভিযোগ করে আসছেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 8, 2025 | Author: Chandradip News24