সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তিকালে জামায়াত আমীরের শোক প্রকাশ

Views: 29

চন্দ্রদ্বীপ নিউজ: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমীর ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে এক শোকবাণী প্রদান করেন তিনি।

প্রদত্ত শোকবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, শায়খ আবদুল আজিজ ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধান মুফতির দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন আইনি, সামাজিক ও ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলে। তিনি ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার দীর্ঘকালীন খতিব হিসেবে রেকর্ড গড়েছে। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি অবসর গ্রহণ করেন।

শায়খের মৃত্যু মুসলিম উম্মাহর জন্য এক বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবক ছিলেন, যিনি দীর্ঘ ৩৫ বছর হজের খুতবার মাধ্যমে মুসলিম উম্মাহর বিশাল খেদমত করেছেন। তাঁর ইন্তিকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবাণীতে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, শায়খের জীবনের সকল খেদমত কবুল হোক, তাঁর গুনাহসমূহ ক্ষমা করা হোক এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা নসীব হোক।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ব্যক্তিগত পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

image_pdfimage_print

Posted on: September 23, 2025 | Author: motiulislam