বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) আবাসন সংকট নিরসনসহ ১২ দফা দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
ক্যাম্পাস ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়ের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক অর্নব রায়, কার্যকরী সদস্য কাজী মারজান, আসিফ মাহমুদসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, সেশন ফি-এর পূর্ণাঙ্গ রশিদে টাকার অংক অস্পষ্ট। প্রতিবছর পরিবহন খাতে টাকা উত্তোলন করা হলেও নতুন বাস কেনা হচ্ছে না। বর্তমানে মাত্র তিনটি রুটে সীমিত সংখ্যক বাসে শিক্ষার্থীরা গাদাগাদি করে যাতায়াত করছেন। দীর্ঘদিন ধরে কলেজ অডিটোরিয়াম বন্ধ রয়েছে এবং চিকিৎসকের সাইনবোর্ড থাকা সত্ত্বেও নিয়মিত চিকিৎসক বসেন না। লাইব্রেরির হাজারো বই অযত্নে নষ্ট হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, পূর্ববর্তী প্রশাসনের অবহেলায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অথচ নতুন প্রশাসনও সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখেনি। তারা সতর্ক করে বলেন, শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





