জামায়াত ক্ষমতায় গেলে ন্যায্যতার ভিত্তিতে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে

Views: 33

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ন্যায্যতার ভিত্তিতে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।

তিনি বলেন, “জনগণ বিশ্বাস করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব জামায়াতে ইসলামী’র হাতে নিরাপদ। অতীতে জামায়াতের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চরফ্যাশনের আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ কামাল আরও বলেন, “আমরা ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করেও জনগণের আস্থা অর্জন করেছি। আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে আপনারা আমাদের সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি।”

সমাবেশে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রভাষক বাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন এবং শিক্ষানবিস আইনজীবী আবু জাফর।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ উদ্দিন। সমাবেশে সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 12, 2025 | Author: Chandradip News24