গৌরনদীতে ২০ পরিবারের চলাচলের পথে পাকা দেয়াল, এলাকায় উত্তেজনা

Views: 26

বরিশালের গৌরনদী উপজেলার তিকাসার গ্রামে প্রায় ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তার ওপর পাকা দেয়াল নির্মাণ নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, পাইকবাড়ি সংলগ্ন ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় পরিবারগুলো নিজেদের অর্থায়নে একাধিকবার রাস্তাটি সংস্কার করেছে। এমনকি সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকেও রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলে প্রবাসী কামাল সরদারের পরিবারের সদস্যরা তাতে বাধা দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান ও দেলোয়ার হোসেনসহ অনেকে অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয় পক্ষকে নিয়ে বসে রাস্তাটি ব্যবহারের অনুমতি দেন। কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার সকাল থেকে কামাল সরদার শ্রমিক দিয়ে রাস্তায় দেয়াল তোলার কাজ শুরু করেন।

প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর ভাড়াটে লোক দিয়ে হামলা চালানো এবং মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে এলাকার পরিবারগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত প্রবাসী কামাল সরদার দাবি করেছেন, তিনি নিজের ক্রয়কৃত জমির ওপর দেয়াল নির্মাণ করছেন এবং হুমকির অভিযোগ সঠিক নয়।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “ওই এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে প্রবাসী পরিবারকে রাস্তা বন্ধ না করার কথা জানানো হয়েছিল। তবে সর্বশেষ কী ঘটেছে, সে বিষয়ে আমার কাছে তথ্য নেই।”

এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ২০টি পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 11, 2025 | Author: Chandradip News24