চন্দ্রদ্বীপ নিউজ..আজও ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, গতকালের তুলনায় আজ ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেশি। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ মঙ্গলবার, সকাল ৮ টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৭৩। দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রাজধানীর অবস্থান ২৮তম।
এদিকে, গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ৬৬ বায়ুমান নিয়ে ৩৩তম অবস্থানে ছিল ঢাকা।
আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ফিলিপাইনের ম্যানিলা। শহরটির বায়ুমান ১৪৫, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, উগান্ডার কাম্পালা, ইন্দোনেশিয়ার জাকার্তা ও সৌদি আরবের রিয়াদ। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪২, ১৩০, ১২৩ ও ১১৭।
দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে। পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।





