পবিপ্রবিতে ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষোভ

Views: 42

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ‘ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)’ এবং ‘বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি’—এই দুটি পৃথক ডিগ্রি একীভূত করে নতুন করে চালু করা হয়েছে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ নামে একটি সম্মিলিত কোর্স।

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশে স্বীকৃত ডিগ্রিকে কোনো আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে, যা তারা আদালত অবমাননা এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বলে মনে করছেন।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তাদের লিফলেটে উল্লেখ করা হয়, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখনও এ ধরনের একীভূতকরণ হয়নি। বিশেষ করে ডিভিএম শিক্ষার্থীরা সিলেবাসে পরিবর্তনের পক্ষে থাকলেও ডিগ্রির নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, পবিপ্রবির এ সিদ্ধান্ত ধাপে ধাপে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিলের একটি কৌশল মাত্র।

প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন এবং স্টেকহোল্ডারদের মতামত নেওয়া উচিত ছিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: September 8, 2025 | Author: Chandradip News24