ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে রিটকারী এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ‘গণধর্ষণের হুমকি’ এবং নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একাডেমিক ভবনের নিচতলায় সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সিহাব, সাবেক সমাজসেবা সম্পাদক জাহিদ সাকিন, সাবেক সদস্য মোশাররফ হোসেন, সংগঠক সোহানুর রহমান সিফাত, আজমাইন সাকিব, তাহমিদা রহমান রাকা, সৃষ্টি প্রমুখ।
শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মোশাররফ হোসেন বলেন, “নারী নির্যাতন কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও রাষ্ট্রীয় অভিশাপ। প্রতিটি ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের দায়িত্ব। নারী নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। ছাত্রদল সবসময় অন্যায়ের প্রতিবাদ ও নারীর অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে।”
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং বিভিন্ন স্থানে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং চলছে।
তারা নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা ও চলমান সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





