বরিশালে পারিবারিক বিরোধে দুই চোখ উপড়ে নিলো ভাইয়েরা, ভিডিও ভাইরাল

Views: 68

বরিশালের মুলাদীতে পারিবারিক বিরোধের জেরে দুই ভাই মিলে আরেক ভাইয়ের চোখ তুলে নেওয়ার একটি নৃশংস ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে রিপন ব্যাপারীকে চেপে ধরে তার চোখ উৎপাটনের চেষ্টা করছে। এক পর্যায়ে তার বাম চোখ তুলে নেওয়া হয়। একজন নারীকে হাতে চোখ ধরে থাকতে দেখা গেছে এবং রিপনের মুখে মারধরের ঘটনাও ভিডিওতে ধরা পড়ে।

ভুক্তভোগী রিপন ব্যাপারী মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের বাসিন্দা এবং আর্শেদ ব্যাপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাতে রিপনের দুই ভাই রোকন ব্যাপারী ও স্বপন ব্যাপারী লোকজন নিয়ে তার দুই চোখ উপড়ে নেয়। এমনকি ঘটনাস্থলে তাদের বাবা উপস্থিত ছিলেন এবং উৎপাটিত চোখ হাতে পান বলে অভিযোগ রয়েছে।

ঘটনার তিন দিন পর, গত ২৫ আগস্ট রিপনের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে রোকন, স্বপন ও তাদের বাবা আর্শেদ ব্যাপারীসহ মোট ৮ জনের বিরুদ্ধে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মুলাদী থানাকে এফআইআর করার নির্দেশ দেন।

রিপনের ছেলে শাহিন ব্যাপারী জানান, তার বাবার সঙ্গে চাচাদের আর্থিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। সে কারণেই তাকে পরিকল্পিতভাবে ঢাকা থেকে বাড়িতে ডেকে এনে এ হামলা চালানো হয়। শাহিন আরও অভিযোগ করেন, ভিডিওতে যাকে চোখ উৎপাটন করতে দেখা গেছে তিনি রোকন ব্যাপারী, পা চেপে ধরা ছিলেন স্বপন ব্যাপারী এবং চোখ হাতে ছিলেন রোকনের স্ত্রী নুরুন্নাহার বেগম। এছাড়া তাদের মেয়ে সুবর্ণা আক্তার মারধর করেন।

গুরুতর আহত রিপন ব্যাপারীকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনায় মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, আদালতের নির্দেশনার পর বুধবার বিকালে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 27, 2025 | Author: Chandradip News24