ভালো মানুষের অভাবেই বাড়ছে দুর্নীতি: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

Views: 25

ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেছেন, ভালো মানুষের অভাবই বাংলাদেশে দুর্নীতি বাড়ার অন্যতম কারণ। দেশের দুর্নীতি কমাতে সবচেয়ে বড় প্রয়োজন ভালো মানুষ গড়ে তোলা, এবং সেই কাজের শুরু হয় প্রাথমিক শিক্ষা থেকে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ একজন শিক্ষার্থীকে ভালো মানুষ বানানোর প্রথম স্তর। আশা করি, সুশাসিত বাংলাদেশ গড়ার কাজ এখান থেকেই শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা আরো জোরালো হবে। তখনই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সম্ভব।”

বাংলাদেশে উন্নয়ন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই কূটনীতিক জেলা শিক্ষা অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে তিনি টিআইবির বরিশাল কার্যালয় পরিদর্শন করেন।

বেলা এগারোটার দিকে তিনি বরিশাল সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেখানে বিদ্যমান সীমাবদ্ধতা ও সংকট সম্পর্কে অবহিত হন। তিনি সমস্যাগুলোর সমাধানে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, বরিশাল সনাক সভাপতি গাজী জাহিদ হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহ সাজেদা, শুভংকর চক্রবর্তী, এবং টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আশফাকুর রহমান।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: August 25, 2025 | Author: Chandradip News24