বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পর্যটকদের জন্য সতর্কবার্তা ও জরুরি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, যেসব স্থানে লাল পতাকা উত্তোলিত রয়েছে, সেগুলোকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় কোনোভাবেই পানিতে নামা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড সার্বক্ষণিকভাবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছেন। লাইফগার্ডের সেবার আওতায় থাকা নির্ধারিত সীমার মধ্যে কেবল পানি প্রবেশের নির্দেশনা রয়েছে। এই সীমার বাইরে গেলে বিপদের সময় সহায়তা পাওয়া কঠিন বা অসম্ভব হতে পারে।
পর্যটকদের জন্য আরও সতর্কবার্তা:
-
জোয়ার-ভাটার সময়, সমুদ্রের বর্তমান অবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাস জেনে থেকে পানিতে নামা।
-
খারাপ আবহাওয়া বা ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে নামা থেকে বিরত থাকা।
-
সাঁতার না জানা ব্যক্তিরা সমুদ্রে না নামার পরামর্শ মানা।
-
হোটেল, গেস্ট হাউস, রিসোর্টে পর্যটকদের জন্য বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট সরবরাহ নিশ্চিত করা। টিউব ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।
-
লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। শিশুদের সব সময় অভিভাবকের তত্ত্বাবধানে রাখা।
-
শিশু বা অপ্রাপ্তবয়স্কের সদ্য তোলা ছবি মোবাইলে সংরক্ষণ করা। এতে শিশু হারালে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।
-
সমুদ্রের স্রোতের প্রকৃতি সম্পর্কে সচেতন থাকা, বিশেষ করে তীব্র স্রোত, ঘূর্ণি স্রোত, উল্টো স্রোত বা নিম্নমুখী প্রবাহের ক্ষেত্রে সতর্ক থাকা।
-
জলোচ্ছ্বাস বা অতিরিক্ত স্রোতের ফলে সমুদ্রতটে তৈরি হওয়া বালি সরার ফাঁকা জায়গা ও গর্ত থেকে সাবধান থাকা।
-
অপ্রশিক্ষিত ব্যক্তি দিয়ে উদ্ধারকাজ পরিচালনা না করা, কারণ এতে প্রাণহানির আশঙ্কা বাড়তে পারে।
পর্যটকদের সতর্ক ও সচেতন থাকার মাধ্যমে সমুদ্রের আনন্দ নিরাপদভাবে ভোগ করার আহ্বান জানানো হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





